
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে আমন ধানে নেক ব্লাস্টের প্রবল আক্রমনে ব্যপক হারে মরে যাচ্ছে ধানের শীষ। ব্লাস্ট রোধে ৮/১০ বার করে কিটনাশক ওষুধ স্প্রে করেও কোন ফল না পাওয়ায় দিশেহারা হয়ে পরেছেন কৃষকরা। ফলে ধানের ফলন অর্ধেকে নামতে পারে বলে ধারনা কৃষকদের। এতে চরমভাবে লোকসানে পরবেন তারা।
আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তর সুত্রে জানাগেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ৮হাজার ২৮০হেক্টর জমিতে ধান রোপন করেছেন কৃষকরা। এর মধ্যে রনজিত,গুটিস্বর্ণা, জিরাশাইল, পাইজাম,ব্রি ধান-৩৪, ব্রি ধান-৭, ব্রি ধান-১৭সহ বিভিন্ন জাতের ধান রোপন করা হয়েছে। শুরু থেকে আবহাওয়া অনুকুলে থাকায় ধানে তেমন রোগ দেখা দেয়নি। কিন্তু ধানের শীষ বের হবার সাথে সাথে অনেক স্থানে ধানে নেক ব্লাস্টের আক্রমন শুরু হয়েছে।
শুক্রবার উপজেলার মনিয়ারী,পতিসর,গোয়ালবাড়ীয়া,মস্কি পুর দেবনগরসহ কয়েকটি এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়,জমির ধানের শীষ মরে যাচ্ছে। অনেক জমিতে একটু দুর থেকে দেখলে মনে হচ্ছে ধান পেকে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে ধানের শীষ মরে গেছে। কৃষকদের সাথে কথা বলে জানাযায়, ধানের শীষ বের হবার পর শীষের গোড়ায় কালচে এবং বাদামি দাগ পরে পচে শীষ মরে যাচ্ছে। এই রোগ প্রতিরোধে ৮/১০বার করে ওষুধ স্প্রে করেও শীষ মরা থামছেনা।
উপজেলার মনিয়ারী গ্রামের কৃষক আফছার আলী সরদার জানান,চলতি মৌসুমে ৩২বিঘা জমিতে ধান রোপন করেছেন। এর মধ্যে সবগুলো জমিতেই ব্লাস্ট রোগ হানা দিয়েছে। তবে ৩২বিঘার মধ্যে ২২বিঘা জমির ধানের শীষ ব্যপকহারে মরে যাচ্ছে। এতে ওই ২২বিঘা জমির ধানের ফলন অর্ধেকেরও কম হতে পারে বলে আশংকা করছেন তিনি।
পতিসর গ্রামের কৃষক অমর চন্দ্র সুন্যাসী জানান,তিনি ২বিঘা জমিতে ধান রোপন করেছেন। ধানে এমনভাবে ব্লাস্ট আক্রমন করেছে যে,৯বার কিটনাশক ওষুধ স্প্রে করেও শীষ মরা থামছেনা।
মস্কিপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন,অনেক কষ্ট করে ৫বিঘা জমিতে ধান রোপন করেছি। কিন্তু ব্লাস্ট রোগের আক্রমনে সব ধানই মরে যাচ্ছে। তিনি বলেন, ৫বিঘা জমি আবাদে এখন পর্যন্ত প্রায় ৪৫হাজার টাকা খরচ হয়েছে। ধান ভাল থাকলে যেখানে বিঘাপ্রতি ১৬/১৮মন ফলন হতো সেখানে শীষ মরে যাওয়ায় হয়তো ৭/৮মন হারে ফলন হতে পারে।
মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট হোসেন জানান,৬ভাই মিলে প্রায় ১৪০বিঘা জমিতে ধানের আবাদ করেছি। এর মধ্যে অধিকাংশ জমিতেই ব্লাস্টের আক্রমনে ব্যপক হারে শীষ মরে যাচ্ছে। কোন অবস্থাতেই থামানো যাচ্ছেনা।
আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম বলেন,চিনিআতব, ব্রি ধান-৩৪ এবং সুগন্ধিযুক্ত ধানে নেক ব্লাস্ট বেশি ছড়ায়। তবে ধানে একবার ব্লাস্ট ছড়িয়ে পরলে ওষুধ দিয়ে তেমন কাজ হয়না। তিনি আরো বলেন,কিছু দিন আগে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির পরপরই ধানে নেক ব্লাস্ট ছড়িয়ে পরেছে। এক্ষেত্রে ধানের ফলন কম হতে পারে বলে জানান এই কর্মকর্তা।

















