
হেলাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে আমন ধান কাটার ভরা মৌসুমে হঠাৎ বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় শুরু হওয়া বৃষ্টিতে ফসলি জমিতে পানি জমে গেছে। এতে মাঠের কেটে রাখা ধান ভিজে যাচ্ছে এবং নিচু এলাকার জমিগুলোতে ধানের আঁটি পানিতে ভাসতে দেখা গেছে।
স্থানীয় কৃষক ও কৃষি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে জেলার সবকটি উপজেলায় পুরোদমে ধান কাটা চলছে। অনেক কৃষক ধান কেটে আঁটি বেঁধে রোদে শুকানোর জন্য মাঠেই ফেলে রেখেছিলেন। হঠাৎ বৃষ্টির কারণে সেই কাটা ধান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। জমে থাকা পানিতে ভিজে ধানের রং নষ্ট হওয়া, গুণগত মান কমে যাওয়া এবং চারা গজিয়ে বা পচে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
তবে যেসব জমির ধান এখনো কাটা হয়নি, সেসব জমির পাকা ধান তুলনামূলকভাবে কম ঝুঁকিতে রয়েছে। কিন্তু বৃষ্টি অব্যাহত থাকলে এবং জমিতে পানি জমে থাকলে দমকা হাওয়ায় গাছ হেলে পড়ে সেসব ফসলেরও ক্ষতির শঙ্কা রয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, টানা ছয় মাসের হাড়ভাঙা পরিশ্রম ও খরচের পর ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এই বৃষ্টি তাঁদের জন্য বড় দুর্ভোগ বয়ে এনেছে। আবহাওয়া অনুকূলে থাকলে নির্বিঘ্নে ফসল ঘরে তোলা যেত। এখন ভিজে যাওয়া ধান দ্রুত মাঠ থেকে সরিয়ে শুকানো নিয়ে চিন্তিত তাঁরা।
প্রতিকূল এই পরিস্থিতিতেও ধৈর্য হারাননি স্থানীয় চাষিরা। এক কৃষক আক্ষেপ ও আস্থার সুরে বলেন, “এ বৃষ্টি আল্লাহর গজব নাকি পরীক্ষা, তা একমাত্র তিনিই জানেন। তাঁর দেওয়া সব সিদ্ধান্তই আমাদের মেনে নিতে হবে।” ক্ষতির আশঙ্কা থাকলেও সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে দ্রুত ধান ঘরে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলার কৃষকেরা।


















