১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৪৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু

প্রতিবেদক
joysagor
মার্চ ১২, ২০২৬ ৬:৪৩ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে আজ। অধিবেশন বসবে বেলা ১১টায়। গণ-অভ্যুত্থানের পর দেশের গণতন্ত্রকামী মানুষ অপেক্ষায় ছিলেন জাতীয় নির্বাচনের। ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার পর গঠিত হয় বিজয়ী দল বিএনপির নেতৃত্বে নতুন সরকার। মূলত এরপরই থেকেই সবাই ক্ষণ গুনছিলেন সেই মাহেন্দ্রক্ষণের। অর্থাৎ কবে বসবে স্বপ্নের সেই সংসদ অধিবেশন। আজ সেই স্বপ্ন পূরণের দিন। এদিকে সংসদ অধিবেশনের শুরুতে স্পিকারের আসন ফাঁকা রেখেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পর্ব সম্পন্ন হবে। এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে সভাপতিত্ব করার জন্য একজন জ্যেষ্ঠ সংসদ-সদস্যের নাম প্রস্তাব করবেন। আরেকজন সংসদ-সদস্য তার এই প্রস্তাব সমর্থন করবেন। যার নাম প্রস্তাব করা হবে, তার সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। বিদায়ি সংসদের স্পিকারের পদত্যাগ এবং ওই সংসদের ডেপুটি স্পিকার একাধিক মামলায় কারাগারে থাকায় বিকল্প হিসাবে এই পদ্ধতি অনুসরণ করে অধিবেশনের যাত্রা শুরু হবে। এর আগে ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ অধিবেশন শুরুর সময় একই পদ্ধতি অনুসরণ করার নজির রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাব অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনে সভাপতিত্ব করতে দেখা যেতে পারে। তার সভাপতিত্বে প্রথম দিন শোক প্রস্তাব উত্থাপন এবং নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি রাখা হবে। এই সময়ের মধ্যে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে নতুন স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন, সব নির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জ্ঞাপন এবং বিগত অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশগুলো আইনে পরিণত করতে সংসদে উত্থাপন করা হবে। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন বসার ৩০ কার্য দিবসের মধ্যে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের বাধ্যবাধকতা রয়েছে। তা না হলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সবশেষে সংসদের প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে এদিন উদ্বোধনী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধিবেশন শুরুর পর ২ দিন (শুক্র ও শনিবার) সংসদের বিরতি হবে। এরপর ১৫ মার্চ আবার সংসদ বসবে। ওই দিন মুলতবি হওয়ার পর ঈদুল ফিতরের পর ২৯ মার্চ ফের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে সংসদ উপনেতা পদে কে বসবেন, কারা হবেন সংসদীয় কমিটির সভাপতি তা ফয়সালা হবে। এছাড়াও সংরক্ষিত ৫০টি নারী আসনের সংসদ-সদস্যদেরও দেখা যাবে এই অধিবেশনে। এর আগে নারী আসনে নির্বাচনসংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করবে নির্বাচন কমিশন।
অধিবেশনকে সামনে রেখে যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। অধিবেশন কক্ষে আসন বিন্যাসের কাজও শেষ। ট্রেজারি বেঞ্চে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের পাশে বসবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এজেডএম জাহিদ হোসেন। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে অধিবেশনের প্রথম দিনই উত্তপ্ত হয়ে উঠতে পারে জাতীয় সংসদ। ক্ষমতাসীন বিএনপি বলছে, সংবিধান মেনেই রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নবনির্বাচিত স্পিকার এবং ডেপুটি স্পিকারকেও শপথ পড়াবেন। অপরদিকে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পতিত স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে বলেছে, তার ভাষণ দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। রাষ্ট্রপতির ভাষণের সময় অধিবেশন থেকে ওয়াকআউটও করার আভাস দিয়েছেন জামায়াতসহ বিরোধীদলীয় সংসদ-সদস্যরা। তবে রাষ্ট্রপতি তার ভাষণে কি বলবেন, এ নিয়েও কৌতূহলের শেষ নেই। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নানা ব্যর্থতা, গণ-অভ্যুত্থান, ছাত্র-জনতার ভূমিকাসহ নানা বিষয় থাকবে রাষ্ট্রপতির ভাষণে, এমন আভাস ইতোমধ্যে পাওয়া গেছে।

অধিবেশন শুরুর আগেই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে মুখোমুখি এই অবস্থানের মধ্যেও একটি প্রাণবন্ত সংসদের প্রত্যাশা করছে সরকার এবং বিরোধী দল। বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা করেছে বিএনপি। এই বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে মনোনয়ন এবং অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, তা ঠিক করার দায়িত্ব তারেক রহমানের ওপর অর্পণ করেন দলের সংসদ-সদস্যরা। দুপুরের পর জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সদস্যরাও আলাদা ভাবে বৈঠক করেন। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এতে সভাপতিত্ব করেন। এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের আগে ডেপুটি স্পিকার পদ না নেওয়ার সিদ্ধান্ত নেন তারা। দুই পক্ষের বৈঠকে নতুন সংসদের কার্যক্রম, আচরণবিধি এবং সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর দেড় বছর পর ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিন অনুষ্ঠিত হয় গণভোট। নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। সংবিধান অনুযায়ী কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদের প্রথম অধিবেশন ডাকতে হবে। ১৩ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে জয়ী সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। সাধারণত গেজেট প্রকাশের পর বিদায়ি সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথ পড়ান। তবে এবার এর ব্যতিক্রম হচ্ছে। সংবিধান অনুযায়ী, ৩ দিনের মধ্যে স্পিকার বা তার মনোনীত ব্যক্তি শপথ না পড়ানোর কারণে পরবর্তী ৩ দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথ পড়ান। দ্বাদশ সংসদের স্পিকার ছিলেন ড. শিরীন শারমিন চৌধুরী। শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে স্পিকার পদ থেকে তিনি পদত্যাগ করেন। এরপর থেকে আত্মগোপনে আছেন সাবেক এ স্পিকার। বিদায়ি ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু) হত্যা মামলায় গ্রেফতার হয়ে এখন কারাগারে। এ অবস্থায় ভিন্ন এক প্রেক্ষাপটে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের সংসদ আগের গতানুগতিক কোনো সংসদের মতো হবে না। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর সংস্কারের যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নের ঐতিহাসিক দায়িত্ব পড়েছে এই সংসদের ওপর। বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে নিষ্পত্তি হবে এখানে। রাজনৈতিক দলগুলো বিদায়ি অন্তর্বর্তী সরকার প্রণিত জুলাই সনদে স্বাক্ষর করেছে। এই সনদ সংসদে পাশ করানোর বড় দায় রয়েছে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর ওপর। বিশেষ করে ‘সংবিধান সংস্কার পরিষদ’ ইস্যুতে প্রথম অধিবেশনেই উত্তপ্ত হতে পারে জাতীয় সংসদ। তবে এই উত্তাপ সংকটে রূপ নেয় কিনা, তা দেখার জন্য সবার দৃষ্টি এখন সংসদ অধিবেশনের দিকে। নির্বাচনের পর সরকারি দলের নির্বাচিতরা শুধু সংসদ-সদস্য হিসাবে শপথ নিয়েছেন। তবে বিরোধী দলের সদস্যরা নিয়েছেন দুটি শপথ। একটি সংসদ-সদস্য হিসাবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। বিরোধী দলের সংসদ-সদস্যরা বলছেন, একই দেশে দুই নিয়ম চলতে পারে না। তাই সবার অপেক্ষা অধিবেশন শুরুর মাহেন্দ্রক্ষণের দিকে; যার মধ্য দিয়ে মাঠের রাজনীতি গড়াবে জাতীয় সংসদে। একই সঙ্গে প্রাণবন্ত হয়ে উঠবে সংসদ।

সাংবাদিকদের যা বললেন চিফ হুইপ : ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার ভার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে বিএনপির সংসদীয় দল। বৈঠক শেষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। হুইপ মো. জিকে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া ও এবিএম আশরাফ উদ্দিন (নিজান) এ সময় উপস্থিত ছিলেন।

চিফ হুইপ বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। বৈঠকের শুরুতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন, তিনি সাময়িকভাবে সভাপতিত্ব করবেন। এরপর স্পিকার নির্বাচন করা হবে। স্পিকার নির্বাচনের পর ডেপুটি স্পিকারও মনোনীত হবেন।

নূরুল ইসলাম মনি বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি। এ বিষয়ে সিদ্ধান্ত তিনি দেবেন। যা আগামীকাল (বৃহস্পতিবার) আমরা জানতে পারব। চিফ হুইপ জানান, স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পর্ব সম্পন্ন হবে। এরপর সংসদ নেতা এই সভায় সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতার নাম প্রস্তাব করবেন। এরপর কোনো একজন সংসদ-সদস্য তা সমর্থন করবেন। তারপর ওই সদস্য (যার নাম প্রস্তাব করা হবে) অধিবেশনে সভাপতিত্ব করবেন।

এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। এগুলো যাচাই-বাছাই করার জন্য বৈঠকে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সে কমিটিতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও থাকবেন। এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত উদারতা দেখিয়ে বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে তারা কোনো পজিটিভ রেসপন্স পাননি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সরকার একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়ে তুলতে চায় জানিয়ে চিফ হুইপ বলেন, আমরা একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই। সংসদে আলোচনা হবে, বিতর্ক হবে-সেই আলোচনার মাধ্যমেই বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। আমরা বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা কামনা করি। তিনি বলেন, সংসদের কার্যক্রম ও আচরণবিধি যথাযথভাবে মেনে সংসদ পরিচালনা করা হবে এবং মানুষের জীবনমান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ আইন ও নীতিনির্ধারণী বিষয়গুলো সংসদে তুলে ধরা হবে।

ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত হতে পারে : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের সভা শেষে গণমাধ্যমকর্মীদের তিনি একথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রপতি নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন। তিনি জানান, সংসদের প্রথম অধিবেশনে বেশকিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে।

নতুন রূপে সংসদ ভবন : ধ্বংসস্তূপের ক্ষত কাটিয়ে ফের নতুন রূপে ফিরেছে জাতীয় সংসদ ভবন। ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরপরই বিক্ষোভকারীরা জাতীয় সংসদের দিকে ছুটে যান। ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে মিছিল করেন তারা। সেদিন জাতীয় সংসদ ভবন, সংসদ-সদস্য ভবন (মানিক মিয়া ও নাখালপাড়া), পুরোনো এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে গণপূর্ত বিভাগ ও সংসদ সচিবালয় যৌথভাবে সংস্কারে হাত দেয়। প্রথমে জরুরিভিত্তিতে সংসদ ভবনের ক্ষতিগ্রস্ত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগ, টেলিফোন এক্সচেঞ্জ, লাইন ও সেটগুলো মেরামত করা হয়। এছাড়াও মন্ত্রী হোস্টেল এলাকায় জরাজীর্ণ পুলিশ ব্যারাকটি পুনর্নির্মাণ করা হয়েছে। অধিবেশন কক্ষ, কেবিনেট কক্ষ, স্থায়ী কমিটি কক্ষ-১, ২ ও ৩ এবং শপথ কক্ষের আধুনিকায়নের কাজও শেষ।

নিয়ন্ত্রিত হবে যান চলাচল : সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই সড়কে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেওয়া হবে। এই সময় জাতীয় সংসদ ভবনসংলগ্ন এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি যানবাহন চলাচলের সম্ভাবনা থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, সংসদ অধিবেশন উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ-সদস্য, বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা জাতীয় সংসদ ভবনে আগমন করবেন। এজন্য উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (সাবেক গণভবন) ক্রসিংসংলগ্ন এলাকায় যানবাহনের চাপ বেশি হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যমুনার দুর্গম চরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

আজ রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সংযোগে প্রকাশ্য ঘুষ বাণিজ্য: ওয়্যারিং পরিদর্শক ও এজিএমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চলে গেলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ক্ষীরেন্দ্র চন্দ্র সিকদার (কে সি সিকদার)

কালাইয়ে বাল্যবিবাহ যৌতুক প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

ছেলে পরীক্ষার্থী কমে যাচ্ছে কেন- প্রশ্ন প্রধানমন্ত্রীর

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মোস্তাফিজার বাবলু আহত- ৭১বার্তা

শাহজাদপুরে প্রফেসর ড. এম .এ. মুহিতের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি  অপারেশন কর্মসূচি পালিত

আঁধার পেড়িয়ে।। ৭১বার্তা

রায়গঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল