৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:২৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

উত্তরায় আবাসিক ভবনে আগুনে দুই পরিবারের ৬ জনের মৃত্যু

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিট। ছুটির দিন হওয়াতে ঢাকার বাসিন্দাদের অনেকেই তখনো ঘুমে। উত্তরার ১১ নম্বর সেক্টরের সাততলা ভবন। ভবনটির দ্বিতীয় তলায় আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিমিষেই আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ভবনটি। চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ততক্ষণে ভবনের দুই ফ্ল্যাটের ছয়জনের অবস্থা সংকটাপন্ন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে পাঠানো হয় কুয়েত মৈত্রী হাসপাতালে। সেখানে মৃত্যু হয় আরও তিনজনের। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহতদের শরীরে পোড়া ক্ষত ছিল না। ধোঁয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দোতলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। তাদের প্রাথমিক ধারণা, গ্যাস সংযোগ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। একটি ফ্ল্যাটের তিনজন নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের দুই বছরের সন্তান রয়েছেন। তারা হলেন- কুমিল্লা সদরের নানুয়াদিঘির পাড়ের কাজী ফজলে রাব্বি (৩৯),
তার স্ত্রী আফরোজা আক্তার (৩৭) ও তাদের দুই বছরের ছেলে ফাইয়াজ রিশান। নিহত অন্য তিনজন হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাফিজ উদ্দিনের ছেলে হারিছ উদ্দিন (৫২) ও তার ছেলে মো. রাহাব (১৭) এবং হারিছের ভাতিজি রোদেলা আক্তার (১৪)।

সরজমিন দেখা যায়, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৩৪ নম্বর বাড়িতে আগুন ও কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। পুরো ভবনটিতে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। এ সময় ওই ভবন ও আশপাশের ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। উত্তরা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যায়। ভবনে যারা অবস্থান করছিলেন তারা নিজেদের মতো বের হওয়ার চেষ্টা করেন। তবে উপরের দিকে যারা ছিলেন, তারা আটকা পড়েন আবার অনেকে ছুটির দিন ও শীতের সকাল হওয়ায় ঘুমিয়েও ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীদের দেখা যায় শিশু-নারীসহ আহতদের ভবনের ভেতর থেকে বের করে আনতে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আবাসিক ভবনটির দ্বিতীয় তলায় আগুনের শিখা চোখে পড়ে। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। পুরো ভবনটিতে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। ফায়ার সার্ভিস জানায়, ভবনের ছাদের দরজা বন্ধ ছিল। অনেককে বের করতে পারিনি। বারান্দার গ্রিল কাটতে না পারায় উদ্ধার কাজেও সমস্যা হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি, তদন্ত চলছে।

নিহত স্বামী-স্ত্রী ও তাদের দুই বছরের সন্তান: এ ঘটনায় নিহত স্বামী-স্ত্রী দু’জনেই চাকরি করতেন। তাদের মধ্যে কাজী ফজলে রাব্বি এস কে এফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডে এবং তার স্ত্রী আফরোজা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে চাকরি করতেন। তাদের দুই বছরের সন্তান মারা যায়। তাদের আরেক সন্তান কাজী রাফসান নানির বাসায় থাকায় বেঁচে যান। নিহত আফরোজার বোন আফরিন জাহান বলেন, আমার বোন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে চাকরি করতেন। আমার দুলাভাই কাজী ফজলে রাব্বি এস কে এফ ফার্মাসিকিউটিক্যাল লিমিটেডে চাকরি করতেন। আমার দুলাভাই ও আপা- দু’জনই কর্মজীবী হওয়ায় তাদের দুই ছেলেই উত্তরা নানির বাসায় থাকতো। শুক্রবার অফিস বন্ধের দিন হওয়ায় গত রাতেই ছোট ছেলেকে নানির বাসা থেকে বাসায় নিয়ে আসেন। সকালে ওই বাসায় আগুনের ঘটনা শুনতে পেয়ে আমরা ছুটে যাই। পরে জানতে পারি, আমার দুলাভাই ফজলে রাব্বি ও তার ছেলে ফাইয়াজ রিশানকে ঘটনাস্থল থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হলে সেখানেই মারা গেছে। আমার বোনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা সদরের নানুয়াদিঘির পাড়। বাবার নাম আমিরুল ইসলাম। উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৩৪ নম্বর বাসায় পাঁচতলায় পরিবার নিয়ে থাকতেন।

আরেকটি পরিবারের নিহতদের মধ্যে মো. হারিছ উদ্দিন ফল ব্যবসায়ী ছিলেন। হারিছ এবং তার ছেলে রাহাবের মরদেহ ছিল মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হারিছের ভাতিজি রোদেলার মরদেহ লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে। স্থানীয়রা জানিয়েছেন, ফল ব্যবসায়ী হারিছ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি জটিলতার কারণে তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো। ভবনটির দ্বিতীয় তলায় বসবাস করেন জাহিদুল ইসলাম। তিনি বলেন, সকাল সোয়া ৭টার দিকে কাঁচ ভাঙার আওয়াজ পাই। দরজা খুলে দেখি সামনে ধোঁয়ায় ভরে গেছে। এরপর বুঝতে পারি সামনের ফ্ল্যাটে আগুন লেগেছে। এ সময় আমি আমার দুই সন্তান, স্ত্রী ও শাশুড়িকে নিয়ে নিচে নেমে যাই। তিনি বলেন, দোতলার একাংশ ও তিনতলা মিলে ডুপ্লেক্স। সেখানে কাঠের সিঁড়ি রয়েছে। এ কারণে দোতলায় লাগা আগুন সহজেই তিনতলা পর্যন্ত পৌঁছে যায়। ডুপ্লেক্সে ভবন মালিক জুয়েল মোল্লা থাকেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বলেন, উত্তরার আগুনের ঘটনায় আমাদের এখানে আফরোজাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তার শরীরে কোনো পোড়া ক্ষত ছিল না। ধোঁয়ায় অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরে ওই ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট সেখানে গিয়ে ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। ঘটনাস্থল থেকে ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, ঘরে প্রচুর আসবাবপত্র ছিল, সেগুলোয় আগুন লেগে যায়। আগুন তাই দ্রুত ছড়িয়ে পড়ে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ বলেন, এই ঘটনায় কুয়েত মৈত্রী হাসপাতালে একই পরিবারের তিনজন এবং অন্য তিনজনের মধ্যে উত্তরা স্পেশালাইজড হাসপাতালে দু’জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান। নিহতরা দুই পরিবারের সদস্য। তারা পঞ্চম ও ষষ্ঠ তলার দু’টি ফ্ল্যাটে থাকতেন। নিহতদের মধ্যে ফজলে রাব্বি রিজভী তার স্ত্রী আফরোজা এবং তাদের ছেলে কাজী ফাইয়াজ রিশান এক ফ্ল্যাটে থাকতেন। ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মো. আবদুল মান্নান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুন দ্বিতীয় তলায় লেগে তিনতলা পর্যন্ত ছড়িয়ে যায়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ার গাবতলীর স্বেচ্ছাসেবক দলের দোয়া

জাতীয় নির্বাচন ও গণভোটকে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত : প্রধান উপদেষ্টা

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের লড়াই, নয়মাইলের দাপুটে জয়

মৌ চাষ : সরিষা ফুলে মৌমাছির গুঞ্জনে মূখরিত চৌহালী

পাওটানার জিগাবাড়িতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা – ৭১বার্তা

“আন্তর্জাতিক কবিতা উৎসবে কবি ও কবিতা পরিষদ- সিরাজগঞ্জের আহবায়ক-আজিজুর রহমান মুন্না-আলোচক, কবি আখিরাজিনাত মহলকে সংবর্ধনা প্রদান 

রায়গঞ্জে ধানগড়া গোলচত্বরের যানজট নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা

মানবাধিকার কমিশনকে আরও শক্তিশাল করতে নতুন অধ্যাদেশ অনুমোদন

কাজিপুর থানাধীন যমুনা চরাঞ্চলের দুর্গম ভোটকেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার

আদিবাসীদের প্রধান গোয়াল পূজা ও সহরায় উৎসব