৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:২৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

একটি দল নারীদের ঘরে আটকে রাখতে চায় : খুলনা ও যশোরে তারেক রহমান

প্রতিবেদক
joysagor
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
আবার ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, একটি রাজনৈতিক দল দেশের অর্ধেক জনগোষ্ঠী-নারীদের ঘরে আটকে রাখতে চায়। ওই দলের শীর্ষ নেতা আন্তর্জাতিক গণমাধ্যমে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং নিজের সামাজিক মাধ্যমে লক্ষ-কোটি কর্মজীবী মা-বোনের সম্পর্কে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন।
তারেক রহমান বলেন, ‘তারা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের কথা বলে মাঠে-ময়দানে প্রচার চালায়। অথচ অসৎ প্রস্তাব দিয়ে কীভাবে সৎ লোকের শাসন কায়েম করবে? আসলে তারা সকাল-বিকাল শুধু মিথ্যাই বলে। মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না। এদের কারণেই ১৯৭১ সালে লাখ লাখ মানুষ শহীদ হয়েছে, মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছেন। এদের বিশ্বাস করার কোনো কারণ নেই।’ গতকাল সোমবার দুপুরে খুলনার খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা থেকে হেলিকপ্টারে খুলনায় পৌঁছে দুপুর ১২টা ২৪ মিনিটে তিনি সমাবেশস্থলে উপস্থিত হন। প্রায় ৩৮ মিনিট বক্তব্য দেওয়ার পর যশোরের উদ্দেশে রওনা দেন।

খুলনাকে ‘মৃত শিল্পনগরী’ আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, গ্যাস সংকটসহ নানা সমস্যায় শিল্পনগরী খুলনা আজ স্থবির হয়ে পড়েছে। বিএনপি ক্ষমতায় এলে খুলনাকে আবারও জীবন্ত শিল্পনগরীতে পরিণত করা হবে। এ সময় তিনি খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষ প্রতীক হাতে পরিচয় করিয়ে দেন এবং তাদের বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন খুলনা-১ আসনের আমীর এজাজ খান, খুলনা-২ এর নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ এর রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ এর এসকে আজিজুল বারী হেলাল, খুলনা-৫ এর মো. আলি আসগার, খুলনা-৬ এর এসএম মনিরুল হাসান বাপ্পী, সাতক্ষীরা-১ হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২ আব্দুর রউফ, সাতক্ষীরা-৩ কাজী আলাউদ্দীন, সাতক্ষীরা-৪ মনিরুজ্জামান, বাগেরহাট-১ কপিল কৃষ্ণ মন্ডল, বাগেরহাট-২ শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট-৩ শেখ ফরিদুল ইসলাম ও বাগেরহাট-৪ সোম নাথ দে ছাড়াও কেন্দ্রীয় নেতা জয়ন্তু কুমার কুন্ড, শামীমুর রহমান শামীম, আবদুল মোনায়েম মুন্না, মনিরুজ্জামান মনি, রহমত উল্লাহ পলাশ, নেওয়াজ হালিমা আরলী, আয়শা সিদ্দিকী মনি, শেখ ওয়াহিদুজ্জামান দিপু, সৈয়দা নার্গিস আলী প্রমুখ।

জামায়াতকে নারীবিদ্বেষী আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। নারীসমাজকে পেছনে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়, দেশ পুনর্গঠনও সম্ভব নয়। অথচ একটি দলের নেতা প্রকাশ্যে বলেছেন— তারা নারী নেতৃত্বে বিশ্বাস করে না। এমনকি কর্মসংস্থানের জন্য বাইরে যাওয়া নারীদের নিয়ে অশালীন শব্দ ব্যবহার করেছেন, যা জাতির জন্য লজ্জাজনক। তিনি বলেন, ‘আমাদের নবী করিম (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী নারী। তাহলে আজ বাংলাদেশের নারীসমাজকে কীভাবে অপমান করা হচ্ছে? যদি তারা ক্ষমতায় আসে, তাহলে নির্বাচনপরবর্তী সময়ে তাদের আচরণ কী হবে— সেই প্রশ্ন দেশবাসীর সামনে।’

জামায়াতের নারীকর্মীদের উদ্দেশে প্রশ্ন তুলে তারেক রহমান বলেন, ‘আপনারা দলের কাজে বাইরে যাচ্ছেন, অথচ আপনাদের নেতারাই কর্মজীবী নারীদের অবমাননা করেছেন। তাহলে তাদের দৃষ্টিতে আপনাদের পরিচয় কী? যে নেতা নিজের দলের নারীকর্মীদের অপমান করতে পারেন, তিনি ক্ষমতায় গেলে দেশের সাধারণ মা-বোনদের কীভাবে অপমান করবেন, তার উদাহরণ আমরা ১৯৭১ সালেই দেখেছি।‘

আগামী ১২ ফেব্রুয়ারিকে রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের দিন উল্লেখ করে তারেক রহমান বলেন, একটি মহল ভোট গণনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। যারা নারীসমাজকে হেয় করে, যারা জনগণের সামনে মিথ্যা বলে, তারাই নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে জনগণ তাদের চালাকি ধরে ফেলেছে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের কাক্সিক্ষত বাংলাদেশ গড়ে তুলতে পারব। সেই বাংলাদেশের একটাই স্লোগান— ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।” দেশ পরিচালনায় বিএনপির অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার সক্ষমতা একমাত্র বিএনপিরই আছে।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘১২ তারিখে ধানের শীষকে বিজয়ী করুন। যাদের প্রার্থী করেছি, তাদের ওপর এলাকার উন্নয়ন ও সমস্যার দায়ভার আপনাদের কাছে রেখে গেলাম। আজ প্রতিজ্ঞা হোক— ধানের শীষকে বিজয়ী করে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দেব।’

এরপর যশোরের উপশহর কলেজ মাঠে বেলা পৌনে ৩টায় জেলা বিএনপি আয়োজিত আরেক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, অতীতে যেভাবে ডামি ও নিশিরাতের ভোট হয়েছে, এবারও একটি দল ভোট গণনার নামে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এসব অপচেষ্টা প্রতিহত করতে হবে।

বিএনপি সরকার গঠন করলে সব উন্নয়ন প্রকল্প সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নেওয়া হবে জানিয়ে তারেক রহমান বলেন, মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ সব ধর্মের পুরোহিতদের রাষ্ট্রীয় সম্মানী দেওয়া হবে। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে নিয়ে বিএনপি দেশ গড়তে চায়।

তারেক রহমান যশোর অঞ্চলের ফুল রপ্তানি, চিনিশিল্প চালু, খাল-বিল পুনঃখনন ও জলাবদ্ধতা নিরসনে জিকে প্রকল্প পুনরায় চালুর প্রতিশ্রুতি দেন।

জনসভায় বক্তৃতার মাঝে যশোর-কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার ২২টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তাদেরকে বিজয়ী করার আহ্বান জানান দলীয় প্রধান তারেক রহমান। নির্বাচনী জনসভা শেষে প্রধান অতিথি তারেক রহমান জুলাই যুদ্ধাহত এবং শহীদদের পিতামাতার সঙ্গে কুশল বিনিময় করেন।

জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু। বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরদার, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো পটল বিল, সিদ্দিক নগর বাৎসরিক বিশ্ব ইজতেমা

কাজিপুরে ৯৫ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান 

সিরাজগঞ্জে নারী  ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি বেসরকারি অংশীদারত্ব জোরকরণে অ্যাডভোকেসী ডায়ালগ

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের  হারাগাছ থানা পরিদর্শন- ৭১বার্তা

তারেক – জোবায়দার বিরুদ্ধে দুদকের মামলার রায় ২ আগষ্ট

প্রিয় বাংলাদেশকে আমরা গর্বের বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো: জামায়াতে ইসলামীর আমীর

বদরগঞ্জে মোটর মেকানিক ইকবালের  নির্মিত উড়োজাহাজ- ৭১বার্তা

সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুকে সেন্ট্রাল হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বদলগাছীতে শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত; সরকারি সহায়তার আবেদন